1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে সরকারের বড় উদ্যোগ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে সরকারের বড় উদ্যোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যায় ভোগা নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকায় অবশেষে স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে দ্রুত সড়ক ও ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় প্রতিমন্ত্রী বলেন, রাস্তা খনন বা নির্মাণকাজে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে একই জায়গায় বারবার খোঁড়াখুঁড়ি করে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন জরুরি।

তিনি আরও বলেন, বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ বিবেচনায় রেখে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষা মৌসুমে কোথাও পানি জমে না থাকে।

“মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পগুলো যেন সরাসরি মানুষের উপকারে আসে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে,”—যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাড়াহুড়ো করে কাজ নয়, বরং সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে। পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়দের আশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এ উদ্যোগ বাস্তবায়িত হলে কুতুবপুর-শামীমবাগ এলাকার জলাবদ্ধতা সমস্যা থেকে স্থায়ী মুক্তি মিলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট