
যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের হাফ ভাড়া পুনরায় চালু এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার (১০ মে) সকাল ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত ২৩ এপ্রিল সরকার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করে। সে অনুযায়ী নারায়ণগঞ্জে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি পায়, যা মোট ভাড়ার ৫ দশমিক ১৯ শতাংশ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১ মে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। বাস মালিকদের হিসাব অনুযায়ী রুটটির দূরত্ব ১৯ দশমিক ৫ কিলোমিটার হলেও সরকারি হিসাবে ভাড়া বাড়ার কথা ছিল ২ টাকা ১৫ পয়সা। কিন্তু বাস্তবে ৫ টাকা বাড়ানো হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দাবি, প্রকৃত দূরত্ব ১৮ কিলোমিটার হলে ভাড়া বাড়ার কথা ১ টাকা ৯৮ পয়সা। সে হিসেবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৩ টাকা ২ পয়সা আদায় করা হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ১ মে থেকে শিক্ষার্থীদের কাছ থেকেও ৩৫ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
এ ছাড়া ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে জেলা প্রশাসনের মাধ্যমে যাত্রী প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলেও স্মারকলিপিতে দাবি করা হয়। অতীতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হতো বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে দুই দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের সপ্তাহে সাত দিন হাফ ভাড়ার সুবিধা নিশ্চিত করতে হবে।