
যুগের নারায়ণগঞ্জ:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জের বন্দরে।
শনিবার (১৩ জুন) সকালে বন্দর উপজেলা পরিষদ চত্বরে এবং পরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের অদূরে একটি সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনকালে ইউএনও শিবানী সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে গাছ লাগাতে হবে। তিনি বলেন, “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। এ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. শাহজাহান মোল্লা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী নাগরিকরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ভূমি অফিসে একযোগে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় প্রতি বছর ২ হাজার করে মোট ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।