
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,“গত ৪৫ বছর যাবত মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) শাহাদাত বার্ষিকী পালনের মাধ্যমে জনগণ মহান এই নেতাকে স্মরণ করে আসছে। কারণ জনগণ জানেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্রের চর্চা করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।”
সোমবার (১ জুন) সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিল, খাবার বিতরণ, বৃক্ষরোপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের জন্য গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন জিয়াউর রহমান। সেই প্রেরণা নিয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করে গেছেন। একই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণের প্রানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন রাষ্ট্র পরিচালনা করছেন।”
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, “আমরা এমন কোন কাজ যেন না করি যাতে শহীদ জিয়ার আত্মা কষ্ট পায়। শহীদ জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, আমরাও দেশের প্রয়োজনে জীবন দিব।”
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সালাউদ্দিন দেওয়ান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।