1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাঁদার দাবিতে গার্মেন্ট ব্যবসায়ীর উপর হামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বন্দরে চাঁদার দাবিতে গার্মেন্ট ব্যবসায়ীর উপর হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা না পেয়ে পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে ফেলার কথাও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী কাজী সুমন (৪৫) বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় নিটিং-ডাইং ম্যানেজার হিসেবে কর্মরত।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (৩০ মে) দুপুরে বন্দর খেয়াঘাট এলাকার মহিউদ্দিন ডকইয়ার্ডের সামনে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সকালে সুমনের বাড়ির সামনে গিয়ে একদল লোক তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

স্বজনদের দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সুমনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শনিবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিবার জানায়, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সুমনের ওপর আক্রমন করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ হামলার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। আমি আপনার মাধ্যমেই এটা জেনেছি। যদি ভুক্তভোগীদের কেউ অভিযোগ নিয়ে আসে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট