1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্ধ কারখানা চালু ও শিল্প টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন বিকেএমইএ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বন্ধ কারখানা চালু ও শিল্প টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন বিকেএমইএ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের রপ্তানি খাত ও শিল্প টিকিয়ে রাখার নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

বৈঠকে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

একইসঙ্গে বর্তমানে চালু থাকা কারখানাগুলো যাতে আর্থিক ও নীতিগত সংকটে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। শিল্প উদ্যোক্তারা জানান, ব্যাংকিং জটিলতা, উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও করসংক্রান্ত নানা প্রতিবন্ধকতায় অনেক কারখানা টিকে থাকার লড়াই করছে।

প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি শিল্পখাতের বিদ্যমান ব্যাংকিং ও এনবিআর সংশ্লিষ্ট জটিলতাগুলো লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ প্রদান করেন।

বৈঠকে তিনি শিল্পের বহুমুখীকরণে গুরুত্বারোপ করে বিশেষভাবে সিল্ক সেক্টর ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া জ্বালানি সমস্যা নিরসন এবং নতুন বাজার ও নতুন পণ্যে বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন এহসানুল হক মিলন, খন্দকার আব্দুল মুক্তাদির, জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

বিকেএমইএ’র প্রতিনিধিদলের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।

বিকেএমইএ নেতারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকলে দেশের তৈরি পোশাক শিল্প নতুন করে ঘুরে দাঁড়াবে এবং রপ্তানি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান রক্ষায় বড় ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট