
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে সোনারগাঁ উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ফয়জুল উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা ও ফোছন আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, মাদকাসক্তি থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশে কয়েকদিন আগে ফয়জুলকে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ঈদের পরদিন তার স্ত্রী মাসুদা বেগম স্বামীর জন্য খাবার নিয়ে কেন্দ্রে দেখা করতে যান। তবে বুধবার রাতে হঠাৎ করে তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলে সেখানে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।
নিহতের স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সুস্থ করার জন্য নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলাম। কিন্তু কেন্দ্রের লোকজন তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। তাদের মারধরের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের দায়িত্বশীল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হাসপাতালের সামনে মরদেহ ফেলে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা নির্যাতনের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।