1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে’ দগ্ধ ১২ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে’ দগ্ধ ১২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন।

আজ দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনে বুফে খাবার খাচ্ছিলেন।

এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যান্টিনের গ্যাস লাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্তের প্রয়োজন রয়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট