1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ঘাটি, ঢাকায় রাজত্ব—ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ঘাটি, ঢাকায় রাজত্ব—ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীর মোহাম্মদপুরে ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই বোন।

আলোচিত এই ঘটনায় জড়িত একটি পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে—চক্রটির মূল কার্যক্রমের ঘাঁটি ছিল নারায়ণগঞ্জে।

বুধবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৩১ মে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরেন দুই বোন। মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় বাসার সামনে নামার পর একটি পিকআপে করে আসা তিন ছিনতাইকারী চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

পরে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়। ভুক্তভোগী এক নারী, যিনি পেশায় ব্যাংকার, মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

তদন্তে প্রথমে জুয়েল নামের এক আসামিকে গ্রেফতার করা হয়।

সিসিটিভি ফুটেজে তাকে ছিনতাই করা ব্যাগ পিকআপে তুলতে দেখা যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ও চাপাতি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে—এর মধ্যে মাদক, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। পরে একই চক্রের সদস্য আনোয়ারকেও গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটির সদস্যরা একসময় মোহাম্মদপুর এলাকায় বসবাস করলেও গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জে নতুন আস্তানা গড়ে তোলে। সেখান থেকেই তারা পরিকল্পনা করে রাজধানীতে এসে নিয়মিত ছিনতাই চালাত।

ডিএমপির এই কর্মকর্তা জানান, ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপের চালক ও মালিকও এই চক্রের সঙ্গে জড়িত। তাকে শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই গ্রেফতার করা হবে।

এছাড়া ঘটনায় আরও একজন ‘মাস্টারমাইন্ড’ শনাক্ত করা হলেও তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।

তবে ছিনতাই হওয়া একটি ট্রলি ব্যাগ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, এক আসামি গ্রেফতারের খবর পেয়ে অন্য আসামি তার স্ত্রীকে ব্যাগটি সরিয়ে ফেলতে নির্দেশ দেয়, ফলে সেটি উদ্ধার করা যায়নি।

মোহাম্মদপুরসহ সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানানো হয়। বিশেষ করে বাসস্ট্যান্ড ও ভোরে যাত্রী নামার স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় ব্যবহৃত পিকআপ, চাপাতি ও ছিনতাই হওয়া কিছু আলামত উদ্ধার করা হলেও একটি ট্রলি ব্যাগ ও একটি মোবাইল ফোন এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট