
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে নারী আইনজীবীর ওপর হামলা ও সহকর্মী নারীদের উদ্দেশে চরম আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহারের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং অ্যাডভোকেট রফিক আহমেদের বিরুদ্ধে মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ আইনজীবীরা।
রোববার (২৪ মে) দুপুরে ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযুক্তদের আচরণকে “আইন পেশার জন্য কলঙ্কজনক” আখ্যা দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা সভ্য সমাজে উচ্চারণের অযোগ্য। বস্তির মানুষও এমন শব্দ ব্যবহার করে না। একজন আইনজীবী হয়ে সহকর্মী নারীদের ‘নর্তকী’ আখ্যা দেওয়া চরম লজ্জাজনক ও নিন্দনীয়।”
মারধরের শিকার আইনজীবী অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী অভিযোগ করে বলেন, হকার বসানো নিয়ে তর্কের একপর্যায়ে অ্যাডভোকেট রফিক আহমেদ তার ওপর শারীরিকভাবে হামলা চালান। পরে অ্যাডভোকেট টিপুও এসে তাকে ঘুষি মারেন।
“আমি বারবার বলেছি, হকার উচ্ছেদ আমার সিদ্ধান্ত ছিল না। কিন্তু তারা কোনো কথা শুনেননি, বরং আমাকে অপমান ও শারীরিকভাবে আঘাত করেছেন,”—এমন কথাও বলেন তিনি।
ঘটনাটির পরদিন গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে অ্যাডভোকেট টিপু সহকর্মী নারী আইনজীবীদের ‘নর্তকী’ ও আরও অশালীন শব্দে আখ্যায়িত করেন, যা আইনজীবী সমাজে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া অন্য আইনজীবীরাও বলেন, মতভেদ থাকতে পারে, কিন্তু তাই বলে সহকর্মীদের উদ্দেশে এমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং পুরো আইনজীবী সমাজের মর্যাদার ওপর আঘাত।
বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিক শাস্তির দাবি জানান।
একইসঙ্গে তারা দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আইন ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে বিবেচিত আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
তারা বলছেন, বিচারপ্রার্থীদের আস্থার জায়গা যদি সহিংসতা ও অশালীনতার আখড়ায় পরিণত হয়, তবে তা পুরো বিচার ব্যবস্থার জন্য অশনিসংকেত।