
যুগের নারায়ণগঞ্জ:
রামিসা হত্যার বিচারসহ শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তোলারাম কলেজ শাখার আহ্বায়ক ও জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সংগঠক ইফতি আহমেদ জিহাদ, ইয়াসিন আরাফাত অভি এবং খাদিজা আক্তার লামিয়া।
বক্তারা বলেন, একজন শিশুকে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য ভয়াবহ বার্তা। তারা রামিসার পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে, যা রাষ্ট্র ও সমাজের ব্যর্থতাকে নির্দেশ করে। বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, নারীর প্রতি সহিংস দৃষ্টিভঙ্গি, মাদক ও অপরাধের বিস্তার এবং রাজনৈতিক-সামাজিক প্রশ্রয় এসব ঘটনার পেছনে দায়ী বলে তারা মন্তব্য করেন।
তারা অভিযোগ করেন, আগের কিছু ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। এ অবস্থায় শুধু সাময়িক উদ্যোগ নয়, স্থায়ী ও কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো— রামিসা হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সাম্প্রতিক সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করা, শিশু ও নারীর নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে নারী-শিশুবান্ধব সচেতনতা গড়ে তোলা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা।
মানববন্ধনে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।