1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
টাকার লোভে নিজের দুই শিশু সন্তানকে বিক্রি, বাবাসহ গ্রেফতার ৩ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

টাকার লোভে নিজের দুই শিশু সন্তানকে বিক্রি, বাবাসহ গ্রেফতার ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
টাকার লোভে নিজের দুই শিশু সন্তানকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছিলেন এক বাবা। অবশেষে ঘটনার প্রায় ২৩ দিন পর অপহৃত ওই দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় শিশু দুটির বাবাসহ মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বাবা নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

উদ্ধার হওয়া দুই শিশু হলো- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বুকস গার্ডেন এলাকার মেজবাহ উদ্দিন ও ঝর্ণা আক্তার দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে আরিয়ান এবং ২৮ দিন বয়সী ছেলে আব্দুর রহমান জুবায়েত।

মামলার এজাহারের বরাত দিয়ে পিবিআই জানায়, সাত বছর আগে ঝর্ণা আক্তারের সঙ্গে মেজবাহ উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেজবাহ উদ্দিন বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের সংসারে দাম্পত্য কলহ চলছিল। পাশাপাশি মেজবাহ টাকার জন্য তার স্ত্রী ঝর্ণাকে চাপ প্রয়োগ করতেন এবং টাকা না দিলে সন্তানদের বিক্রি করে দেয়ার হুমকি দিতেন।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মেজবাহ উদ্দিন তার পূর্ব পরিচিত এমদাদুল হক রাব্বানীর সহায়তায় পরিকল্পিতভাবে নিজের দুই শিশু সন্তানকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যান। পরে অপহৃত দুই শিশুর মা ঝর্ণা আক্তার বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, তার সন্তানদের পাচারের উদ্দেশ্যে বিক্রির পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্তানদের না পেয়ে গত বুধবার (১৩ মে) সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পর অপহৃত দুই শিশুকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে পিবিআইয়ের একাধিক টিম। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) রাতে রাজধানীর সাভারের আড়াপাড়া এলাকার নিঝুম নিবাস থেকে অপহৃত শিশু আরিয়ানকে উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার দুই শিশুর বাবা মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

পরে মেজবাহ উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার (১৮ মে) গভীর রাতে রাজধানীর বনানী কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি গেট এলাকা থেকে মামলার মূল হোতা এমদাদুল হক রাব্বানীকে (২৩) গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নুর-ই-নাসরিন (২৯) নামে এক নারীকে গ্রেফতার করে পিবিআই। এ সময় তার হেফাজত থেকে অপহৃত ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েতকে উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, তদন্তে গ্রেফতার এমদাদুল হক রাব্বানীর মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল পরিবারকে টার্গেট করে শিশু সংগ্রহ করে পাচার করতেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক শিশু পাচারের তথ্য-প্রমাণ মিলেছে। অন্যদিকে, ভুক্তভোগী দুই শিশুর বাবা মেজবাহ উদ্দিন মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একাধিক বিয়ে করে নিজের সন্তানদের অর্থের বিনিময়ে বিক্রি করতেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত এমদাদুল হক রাব্বানীর পাঁচ দিনের এবং নুর-ই-নাসরিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আসামি মেজবাহ উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং আরও পাচার হওয়া শিশুদের উদ্ধারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট