
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছেন প্রবীণ আইনজীবী ও সাংবাদিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
আবাসিক এলাকায় ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত গভীর নলকূপের উপর কর ও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ চ্যালেঞ্জ দেন।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান মাসুম বলেন, “সাখাওয়াত সাহেব, আপনি চেষ্টা করতে পারেন—আমরা চ্যালেঞ্জ করলাম। এই নলকূপের কোনো রেজিস্ট্রেশন আমরা করব না, করতেও দেব না। আপনার যদি ক্ষমতা থাকে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেখান।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দল-নেতা চিনি না, আমরা শুধু নাগরিক অধিকার চিনি। আমাদের প্রথম দাবি—সুপেয় পানি নিশ্চিত করতে হবে। তা না হলে এই চেয়ারে থাকার নৈতিক অধিকার আপনার নেই।”
প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “আপনি নির্বাচিত নন, নিযুক্ত। অথচ নাগরিকদের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছেন। মৌলিক সেবা না দিয়ে নতুন কর আরোপ সম্পূর্ণ জনস্বার্থবিরোধী।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জে ওয়াসার পানি এতটাই দূষিত ও অনিয়মিত যে তা ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক এলাকায় পানি সংকট, জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থা চরম আকার ধারণ করেছে।
মাহবুবুর রহমান মাসুম বলেন, “গোদনাইলের শোধনাগার ঠিকভাবে চালু থাকলে মানুষ ভালো পানি পেত। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। বরং অপরিশোধিত পানি সরাসরি সরবরাহ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগে সুপেয় পানি নিশ্চিত করুন। তারপর নলকূপ রাখলে ব্যবস্থা নিন—তা আমরা মেনে নেব। কিন্তু তার আগে কোনো কর বা রেজিস্ট্রেশন আমরা মানি না।”
সমাবেশে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়। শহরের ফুটপাত দখল, যানজট, অপরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার চিত্র তুলে ধরে বক্তারা বলেন, ৬০ দিনের উন্নয়ন প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি।
একইসঙ্গে শহরের পপুলারের বহুতল ভবন নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মাসুম বলেন, “মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে নির্মাণকাজ চলছে—প্রশাসন তা দেখছে না, অথচ সাধারণ নাগরিকদের ওপর কর চাপাতে ব্যস্ত।”
বক্তারা বলেন, নলকূপের ওপর কর ও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন আরোপের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় ওয়াসার পানির বিল বাতিলসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বিভিন্ন এলাকার নাগরিক প্রতিনিধি, পেশাজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং নাগরিক দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার নাগরিক ব্যক্তিরা উপস্থিত হয়ে প্রশাসকের সিদ্ধান্তের প্রতিবাদে মুখরিত হয়ে উঠেন।