
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠান দখল করে দলীয় কার্যালয়ে পরিণত করার অভিযোগে বিএনপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার।
তিনি অভিযোগ করেন, জনগণের অধিকার নিশ্চিত করার পরিবর্তে বিএনপি প্রশাসনকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে, যা রাষ্ট্রের জন্য বিপজ্জনক ইঙ্গিত বহন করে।
আজ শুক্রবার (১৫ মে) বিকেলে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সরকারি কার্যালয় জনগণের সেবা দেওয়ার জন্য, কিন্তু বিএনপি তা দলীয় অফিসে পরিণত করেছে। প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট করে তারা একদলীয় প্রভাব বিস্তার করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”
মাওলানা জব্বার আরও অভিযোগ করেন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জনগণের প্রতিনিধি নয়, বরং দলীয় লোক বসিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে পড়ছে।
তিনি কঠোর ভাষায় বলেন, “মানুষের প্রত্যাশা উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের স্বার্থ পূরণ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে জনরোষ সৃষ্টি হওয়া সময়ের ব্যাপার মাত্র।”
তিনি বিএনপি ও সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের ধৈর্যের পরীক্ষা না নিয়ে দ্রুত সঠিক পথে ফিরে আসা উচিত। অন্যথায় দেশের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
সম্মেলনে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।