1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালয়েশিয়া–প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

শুক্রবার (৯ মে) দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দেন প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় প্রবাসীর বাড়িতে যায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় এবং মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, প্রায় আট ভরি স্বর্ণালংকার এবং পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।

জাকিয়া বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগে আরও বলা হয়, যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট