1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা, আহত ৪ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা, আহত ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের মারধরে অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লিমা আক্তার।

অভিযুক্তরা হলেন— একই এলাকার লিটনের ছেলে মৃদুল (২৩), মাহির (২০), মৃত ওয়াহাব মাস্টারের ছেলে লিটন (৫২), মৃত আফাজ উদ্দিনের ছেলে বকুল (৪০), রওশন (৪৫), আকলিমা (৪৮), আরাফাত (৩৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাদীর চাচা হেলাল উদ্দিনের বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালে অভিযুক্তরা সেখানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হেলাল উদ্দিনকে গালিগালাজ ও মারধর শুরু করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে বাদীসহ স্বজনদের ওপর হামলা চালানো হয়।

হামলায় আহত হন আকলিমা (৩৬), সাদমান (১১), টুটুল (২৮) ও লিমা আক্তার। লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে আকলিমার মাথা ফেটে যায়। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় হামলাকারীরা ১ ভরি ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং ৮ আনা ওজনের আরেকটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় হেলাল উদ্দিনের ভাতিজি লিমা আক্তার ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট