
যুগের নারায়ণগঞ্জ:
মুন্সীগঞ্জের এক ব্যবসায়ীর বিচক্ষণতা ও বাসযাত্রীদের সাহসিকতায় ‘র্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, তবে তাদের সহযোগী আরও কয়েকজন পালিয়ে গেছে।
শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি বিআরটিসি বাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মুন্সীগঞ্জের ব্যবসায়ী শেখ মাসুম প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাওতাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বাস থামান।
তারা শেখ মাসুমের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে দাবি করে তাকে আটক করার চেষ্টা করে।
পরিস্থিতি বুঝতে পেরে শেখ মাসুম বাসের ভেতর চিৎকার করে যাত্রীদের উদ্দেশ্যে বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং তার কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে।
তিনি অভিযোগ করেন, ভুয়া পরিচয়ে এসব ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে এসেছে।
তার এই চিৎকারে বাসের অন্যান্য যাত্রীরা সতর্ক হয়ে ওঠেন এবং প্রতিরোধ গড়ে তোলেন।
এতে ভুয়া ‘র্যাব’ পরিচয়দানকারী দলের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের বেশ কয়েকজন পালিয়ে যায়।
এ সময় যাত্রীদের সহায়তায় আখতারুজ্জামান ও আমিনুল ইসলাম রাসেল নামে দুইজনকে আটক করা হয়। পরে বাসের যাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নারায়ণগঞ্জ সদর থানায় নিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একইসঙ্গে যাত্রীদের সাহসিকতা সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।