1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শহীদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক জমাদ্দার ও সদস্য সচিব এস.এম কাদিরের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল ইউনিয়ন। প্রায় ৩ হাজার ৬৪৭ একর আয়তনের এই ইউনিয়নের বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লাখ। এখানে অধিকাংশ মানুষ অকৃষি পেশার সঙ্গে জড়িত এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৬ হাজার ৯৯৭ জন।

তারা আরও বলেন, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডসহ নানা ক্ষেত্রে কুতুবপুর একটি সমৃদ্ধ জনপদ। ইউনিয়নে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, মসজিদ, মন্দির, খেলার মাঠ, বিদ্যুৎ কেন্দ্র, নৌবাহিনী ঘাঁটি, সেনাক্যাম্প, সরকারি-বেসরকারি অফিস, পার্ক এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

বক্তাদের দাবি, কুতুবপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরেই একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে উঠেছে এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩ ধারা অনুযায়ী পৌরসভায় উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত বহু আগেই পূরণ করেছে। কিন্তু গত ৬ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে ইউনিয়নের আংশিক ভূমি সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়ায় স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অবস্থান কর্মসূচিতে সদস্য সচিব এস.এম কাদির বলেন, “পুরো কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না করা হলে আগামী স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না।” এ সময় তিনি কুতুবপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতির জন্য জেলা প্রশাসনকেই দায় বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুতুবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪টি, মাধ্যমিক বিদ্যালয় ৫টি, ডিগ্রি কলেজ ১টি, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি সমমানের মাদ্রাসা ২টি, সাধারণ মাদ্রাসা ১৮টিসহ মোট ২০টি মাদ্রাসা এবং ৩৩টি কিন্ডারগার্টেন। এছাড়া ইউনিয়নটিতে ঐতিহাসিক পর্যটন স্থান, ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, রেলওয়ে স্টেশন ও সিনেমা হল রয়েছে বলেও দাবি করা হয়।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল ফতুল্লা থানা সভাপতি মো. বাবুল আহমেদ, এলাকাবাসীর মধ্যে মো. ইসমাইল, মো. নাছির উদ্দিন প্রধান, মো. জাহের মোল্লা, মো. মনির হোসেন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, মিজানুর রহমান মোল্লা, আমির হোসেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাদ, দ্বীন ইসলাম দিলু, মো. রাসেল, মো. জাকির হোসেন মাসুদ, সাইদ রেজা সুমন, দুলাল ভূঁইয়া, সেলিম মোল্লা, মো. রনি, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, তাঁরা মিয়া ও সোহেল শেখ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট