
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ দক্ষিণ এলাকার শতাধিক পরিবারের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বাউন্ডারি দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় মদনগঞ্জ বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলী নওশাদ তুষারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু, গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম, মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন, মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি শাফি আহমেদ, মহানগর বিএনপির সদস্য ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী এবং সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, যুবদল নেতা মোহাম্মদ আলম, রমজান আলী, জাহিদ হোসেন, আলী হোসেন, বাবুল মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, জনসাধারণের মৌলিক অধিকার ক্ষুন্ন করে কোনো উন্নয়ন গ্রহণযোগ্য হতে পারে না। উন্নয়ন প্রয়োজন, তবে তা হতে হবে মানুষের কল্যাণের জন্য—জনদুর্ভোগ সৃষ্টি করে নয়।
তারা অভিযোগ করেন, ওয়াপদা সংলগ্ন এই সড়কটি মদনগঞ্জ দক্ষিণ এলাকার মানুষ প্রায় ৫০ বছর ধরে ব্যবহার করে আসছেন। হঠাৎ করে একটি অদৃশ্য চক্রের প্রভাবে সড়কটি বন্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিলও বের করেন।