
যুগের নারায়ণগঞ্জ:
সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী ৭ মে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। কুতুবপুর ইউনিয়নের চিতাশাল, নূরবাগ, কুসুমবাগ, খালপাড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে কুতুবপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও শ্রমজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন।
স্থানীয়রা বলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের অধীনে থেকে তারা পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শুধু ট্যাক্স আদায় করা হলেও কাঙ্ক্ষিত সেবা দেওয়া হচ্ছে না। ফলে তারা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তি চান।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, কুতুবপুরের প্রায় ১০ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি এটি। উন্নত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তিই একমাত্র সমাধান।
গণসংযোগে অংশগ্রহণকারীরা আরও বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদকে তারা “অকার্যকর” হিসেবে দেখছেন এবং সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক জমাদ্দার এবং সদস্য সচিব এসএম কাদির উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মো. আজম, সোহেল মোল্লা, রবিন খান, নাদিম ইসলাম জয়, গিয়াস উদ্দিন ব্যাপারি, বিল্লাল, এনামুল হক রাব্বি, কবিরুল ইসলাম রনি প্রমুখ।
আয়োজকরা জানান, ৭ মে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।