1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে এক মাসে ১৮ ডাকাতি, পুলিশের অস্ত্র ছিনতাই - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই উজ্জল পলাতক ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী সোনারগাঁয় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে কোরবানির হাটগুলোর নিয়ন্ত্রন বিএনপির কব্জায়! সোনারগাঁওয়ে ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক ও চালক আটক নারায়ণগঞ্জে উগ্র মেজাজের নেতানিয়াহুকে দেখতে খামারে ভিড় রূপগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারী কর্মকর্তার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করলেন খেলাফত মজলিস

নারায়ণগঞ্জে এক মাসে ১৮ ডাকাতি, পুলিশের অস্ত্র ছিনতাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শিল্পনগরী নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইসহ এক মাসে ১৮ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে করে জেলায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এসব ঘটনায় মামলা করতেও অনীহা দেখা গেছে ভুক্তভোগী পরিবারগুলোর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

এক মাসে ১৮ ডাকাতি
২৬ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এ ৩০ দিনে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় ১৮ টি ডাকাতি হয়েছে। জেলার আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জ ও ফতুল্লায় ডাকাত দলে সদস্যরা বেপরোয়া। আড়াইহাজারে এক মাসে ১০টির বেশি বাড়িতে হানা দিয়েছে মুখোশধারী সশস্ত্র ডাকাতরা। ৮ এপ্রিল বিশনন্দী ইউনিয়নে এক রাতে তিনটি বাড়িতে তাণ্ডব চালায় ডাকাত।

২১ এপ্রিল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় প্রবাস ফেরত নারী হিমু আক্তারের গাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ৬ ভরি স্বর্ণ ও রিয়াল হারিয়ে আহত সেই নারী এখন কেবল এক আতঙ্কিত নাগরিকের প্রতিনিধি। ফতুল্লায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়ি থেকে কোটি টাকার মালামাল লুটের ঘটনায় শহরের বাসিন্দারাও এখন আতঙ্কে।

এর মধ্যে আবার নতুন করে সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউটর সেন্টারে ফিল্মি স্টাইলে ডাকাতি করে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায় ডাকাতরা।

মামলায় অনীহা
এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও অধিকাংশ ভুক্তভোগী থানায় মামলা করতে রাজি হচ্ছেন না। এর নেপথ্যে রয়েছে হয়রানির ভয়। ১৬ এপ্রিল ডাকাতির শিকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন আক্ষেপ করে বলেন, ‘তিন বছর আগে চুরির মামলা করে কোনো লাভ হয়নি, উল্টো পুলিশকে টাকা দিতে হয়েছে। এবার আর মামলা করিনি।

কারণ, মামলা করলে তদন্তের নামে পুলিশ আসবে, যাবে- কিন্তু হারানো সম্পদও ফিরবে না, অপরাধীও ধরা পড়বে না।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলের মতে, ‘ডাকাতির চেয়েও বড় ভয়ের বিষয় হলো পুলিশের প্রতি মানুষের অনাস্থা। মানুষ যখন বিচার পাওয়ার চেয়ে হয়রানির ভয়ে মুখ বুজে থাকে, তখন বুঝতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।’

ডাকাতির বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধী ও অপারেশন) তারেক আল মেহেদি জানান, ‘গত মাসে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ক্ষেত্রে পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করেছে।’

মোটরসাইকেল চুরি
নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দিন রাত জাগ্রত সেই থানাই এখন অনিরাপদ। সিদ্ধিরগঞ্জ থানায় দুই বছরে অন্তত পুলিশের পাঁচটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি সরাসরি থানার ভেতর থেকে এবং দুটি থানা সংলগ্ন পুলিশের বাসা থেকে। ভুক্তভোগীরা পুলিশ সদস্য। থানার ভেতর থেকে বাইক হারানো পুলিশ সদস্য আব্দুল জলিল ক্ষোভের সাথে বলেন, ‘পুলিশ হয়েও নিজের জিনিস রক্ষা করতে পারিনি। থানার ভেতর থেকে মোটরসাইকেল চুরি হয়, অথচ কোনো জবাবদিহিতা নেই।’

অপর ভুক্তভোগী এএসআই মো. মহসিন তো কোনো অভিযোগই করেননি। এএসআই মহসিনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন নিজেদের মোটরসাইকেল রক্ষা করতে পারেন না, তখন সাধারণ মানুষের সম্পদ যেন খাদের কিনারায়। গত ৫ এপ্রিল পুলিশ সদস্য পল্লব চন্দ্র পণ্ডিতের মোটরসাইকেল চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়।

এর তদন্ত কর্মকর্তা এসআই মোস্তফা কামাল বলেন, ‘সিসিটিভি ফুটেজে একজন মুখোশধারী চোরকে দেখা গেলেও রাতের অন্ধকারে ফুটেজ স্পষ্ট নয়। তাই তদন্তে অগ্রগতিও থমকে আছে। সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ হয়েছে, তিনি মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।’

জানতে চাইলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

অস্ত্র ছিনতাই
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সবচেয়ে ভয়াবহ ধাপ হলো পুলিশের ওপর হামলা এবং সরকারি আগ্নেয়াস্ত্র ছিনতাই। গত ৩০ এপ্রিল বন্দর উপজেলার রুস্তমপুর চৌধুরী পাড়া এলাকায় মাদকবিরোধী ও ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। সেখান থেকে একটি সরকারি শর্টগান ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা এবং দুজন পুলিশকে গুরুতরভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এর আগে চলতি বছরের মার্চ মাসের ৯ তারিখে শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে পুলিশের একজন এএসআইয়ের পিস্তল লুটের ঘটনা ঘটেছিল। তবে, দুটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অস্ত্র উদ্ধার হলেও জনগণের মাঝে আতঙ্ক রয়ে গিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু বলেন, ‘মাদক, বেকারত্ব, নৈতিক অবক্ষয় ও অর্থনৈতিক সমস্যা আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যায়। ডাকাতি, চুরি ও ছিনতাই এ ঘটনাগুলোর সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে কিশোর গ্যাং গুলো জড়িত থাকে, কারণ অপরাধ করার ক্ষেত্রে তারা বেপরোয়া থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট