
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় পুলিশের অভিযানের সময় শামীম মিয়াকে গ্রেপ্তার করা হলে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করে।
যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশীশক্তি প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা প্রদান এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীকে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।