
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় আবারও তীব্র পানি সংকট দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ওয়াসার ডীপ টিউবওয়েল ও মোটর বিকল হয়ে পড়ায় পুরো এলাকাজুড়ে পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মদনগঞ্জে অবস্থিত ওয়াসার পাম্পটি দীর্ঘদিন ধরেই অচল অবস্থায় রয়েছে। মাঝে মাঝে সংস্কার করা হলেও কয়েকদিন যেতে না যেতেই তা পুনরায় বিকল হয়ে পড়ে। বর্তমানে ডীপ টিউবওয়েল ও মোটর উভয়ই অকেজো থাকায় পুরো ওয়ার্ডের পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। বারবার অভিযোগ জানিয়েও কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।
এক বাসিন্দা বলেন, “পানি ছাড়া জীবন চলে না। বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় এক ফোঁটা পানিও নেই। সিটি কর্পোরেশন যখন ওয়াসার দায়িত্ব নেয়, তখন আশা করেছিলাম সমস্যা কমবে। কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। খাবার পানিটুকুও পাচ্ছি না।”
এলাকাবাসীর অভিযোগ, পাম্পটি সচল করতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও রহস্যজনক কারণে তা স্থায়ীভাবে ঠিক করা যাচ্ছে না। বারবার যন্ত্রপাতি বিকলের পেছনে অবহেলা বা অনিয়ম রয়েছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
দীর্ঘদিনের এ সংকটে গৃহস্থালির কাজ, খাবার পানি সংগ্রহ, এমনকি ওযু-গোসলের ক্ষেত্রেও চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
মদনগঞ্জবাসীর দাবি, অস্থায়ী মেরামতের পরিবর্তে দ্রুত একটি আধুনিক ও সক্ষম পাম্প স্থাপন করে স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক। পাশাপাশি তারা দ্রুত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এলাকাবাসী।