
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে মাদকের আস্তানায় র্যাব-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় দেওভোগ শতাব্দি গার্মেন্টস এলাকায় মোবারক হাবিবের মালাকানাধিন পাঁচতলা ভবনের দ্বিতীয়তলায় রাসেদ ও রাসেলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকা, টাকা গণনার মেশিন, ড্রোন উদ্ধার করা হয়।

অভিযানে থাকা র্যাব কর্মকর্তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে ফতুল্লার বেয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকবিরোধী অভিযান চলাকালে ৩ র্যাব সদস্যকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। এরই প্রেক্ষিতে রাতে এই অভিযানটি পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহয়তায় রাত ৯টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে অভিযান চালায় র্যাব।

এ সময় দুই বাড়িতে তল্লাশি করে প্রায় পাঁচ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, টাকা গোনার মেশিন, ড্রোন, রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত মাদক, অস্ত্র ও টাকাসহ আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
