
যুগের নারায়ণগঞ্জ:
নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের প্রেক্ষাপটে আওয়ামী লীগের পক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (৫ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, ১৮ থেকে ২০ জনের একটি দল চিটাগাংরোড থেকে ডেমরা সড়কের গলাকাটা এলাকা হয়ে মিছিলটি বের করে।
মিছিলকারীরা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তারা শিমরাইলের দিকে অগ্রসর হয়।
এ মিছিলে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা জহিরুল ইসলাম বলে জানা গেছে।
এছাড়া, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন যুবলীগ কর্মীও এতে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি বলেন, “খোঁজ নিয়ে জেনেছি, সিদ্ধিরগঞ্জ এলাকায় কোনো মিছিল হয়নি। এ এলাকায় এমন কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। কেউ দুঃসাহস দেখানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।”
এদিকে, নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেও এ ধরনের মিছিলের অভিযোগ স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে।