
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেয়ায় লাইনম্যানের হামলায় মো. মমিন নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা।
নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করেন। এ সময় অটোচালক তাকে পূনরায় চাঁদা না দেয়ায় দু’জনের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে লাইনম্যান শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালক মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২০ মে) সকালে মমিন মারা যান। ঘটনার পর থেকেই লাইনম্যান শাহিন পলাতক রয়েছে।
এদিকে বুধবার সকালে অটোচালক মমিনের মৃত্যুর খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।