
যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার একটি রেস্তোরাঁয় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির । তিনি বলেন, ‘মুর্দাবাদ-জিন্দাবাদ’, ‘অমুক দল আমি, অমুক দল তুমি’—এ ধরনের বিভাজন চলতে থাকলে আইনজীবীরা সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হতে বাধ্য হবেন।
তিনি আরও বলেন, একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে দলভিত্তিক প্যানেল ছিল না। তখন যোগ্য আইনজীবীরাই সভাপতি ও সেক্রেটারি পদে প্রার্থী হতেন। পরে রাজনৈতিক বিভাজনের কারণে সুপ্রিম কোর্ট বারের গুরুত্ব কমে গেছে।
শিশির মনির উদাহরণ টেনে বলেন, একসময় সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে খন্দকার মাহবুব হোসেন, রফিক-উল হক ও আমির-উল ইসলামদের বক্তব্যে সারাদেশে আলোড়ন সৃষ্টি হতো। কারণ তখন সুপ্রিম কোর্ট বারকে স্বাধীন বিচার বিভাগের প্রতীক হিসেবে দেখা হতো। বর্তমানে সেই মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার কোনো অসাংবিধানিক কাজ করলে সুপ্রিম কোর্ট বারের দৃঢ় অবস্থান নেওয়ার কথা থাকলেও এখন আইনজীবীদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশার মর্যাদা ফিরিয়ে আনতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং সত্য কথা নিজের বিপক্ষে গেলেও বলতে হবে।
তিনি আরও বলেন, দল যদি অসাংবিধানিক কাজ করে, তাহলে আইনজীবীদের স্পষ্টভাবে বলতে হবে—‘ওয়ার্ক টেকেন বাই পার্টিকুলার PART ইজ আনকনস্টিটিউশনাল।’
বক্তব্যে তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল ও ভারতের ইন্দিরা গান্ধী আমলের একটি ঘটনার উদাহরণ তুলে ধরে বলেন, আইনজীবীদের উচিত নীতিগত অবস্থান থেকে সরে না যাওয়া।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাইনউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার, মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার এ হাফিজ মোল্লা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী প্রমুখ।