
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. ইদ্রিস আলী (৪৫), কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নেন। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ জানান, গ্রেফতারকৃত ইদ্রিস আলী কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।