1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শ্রমিক আন্দোলনের কারনে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার (১৪ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকার ফেইম এ্যাপারেল নামের একটি পোষাক কারখানার শ্রমিকরা নির্দিষ্ট সময়ে বেতন পরিশেষসহ ৯ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়ছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

জানা যায়, বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকায় অবস্থিত ফেইম এ্যাপারেল নামের একটি পোষাক কারখানার শ্রমিকদের নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করার কারণে শ্রমিকরা বিকেল ৫টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, তাদের প্রতি মাসে ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। বর্তমান মাসে আজ পর্যন্ত বেতন পরিশোধ করেনি। দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

আসাদুর রহমান নামের এক শ্রমিক জানান, তাদের এ উপার্জিত এ আয়ের টাকা দিয়ে তাদের বাসা ভাড়া, দোকান বাকি ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ মিটিয়ে থাকেন। নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করার কারণে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শ্রমিকদের দাবি, প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ, প্রতি বছরের জানুয়ারি মাসে ছুটির ক্যালেন্ডার প্রদান, ওভারটাইমের হার বৃদ্ধি, নাইট বিল ৫০ টাকা নির্ধারণ, দুই ঈদে ৯ দিন করে ছুটি, ডাবল মেশিন পরিচালনার জন্য ১৭০ টাকা ভাতা, এককালীন সার্ভিস ভাতা প্রদান, বন্ধের দিনে ১৬ ঘণ্টা ডিউটি বন্ধ এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের পক্ষে স্লোগান দেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

ফেইম অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান মাসের বেতন দু-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন। শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট