1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে নিজ বাড়িতে ফিরতে পারছেন না। বর্তমানে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে অবস্থান করছেন। তবে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবার চাইলে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরও একজন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গ্রেপ্তাররা হলেন, জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহিদ মিয়া (৪০) এবং তার সহযোগী একই এলাকার শাহিন মিয়া (৩৮)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের সিরাবো গ্রামে ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে বসবাস করেন ওই দম্পতি। গত বুধবার বিকেলে রাজমিস্ত্রি স্বামী কর্মস্থলে থাকাকালে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে দুই শিশুসন্তানকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে এবং পাশের বাড়ির বিল্ডিংয়ের একটি কক্ষে গৃহবধূকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন। পরে শুক্রবার বিকেলে ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। তবে থানায় মামলা দিতে গেলে বিএনপির এক প্রভাবশালী নেতা মামলা দিতে বাধা প্রদান করেন। সেখানেও ভয়ভীতি দেখানো হয়েছে বলে দাবি করেন ওই নারীর স্বামী। তবে তিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে রাজি হননি।

এদিকে গত শনিবার ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেও নিরাপত্তাহীনতার কারণে তিনি বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না। তার স্বামীর দাবি, মামলার পর এলাকায় ফিরে গেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এ ছাড়া তার পরিবারের সদস্যদের কাছেও বিষয়টি এখনো জানানো হয়নি। ফলে কোথায় আশ্রয় নেবেন তা নিয়েও তারা দুশ্চিন্তায় রয়েছেন।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, দুই কন্যা সন্তান নিয়ে তিনি পথেঘাটে অবস্থান করছেন। অভিযুক্তদের পরিবার ওই এলাকায় প্রভাবশালী। তারা সরকার দলীয় রাজনীতি করেন। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। এ মামলার কারণে তাদের পরিবারের সদস্যদের প্রাণ নাশের আশঙ্কায় আছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, মামলার পর দ্রুত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার চাইলে তারা নিজ বাড়িতে নিরাপদে বসবাস করতে পারবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ ফাঁড়িকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবার যদি কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতার অভিযোগ জানায়, তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি পুলিশের কোনো সদস্যের আচরণে তারা বিব্রত হয়ে থাকলে সেটিও তদন্ত করে দেখা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট