
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে পুলিশ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১০ জুন) রাত ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজিদুর রহমান।
গ্রেপ্তাররা হলেন মিঠু মিয়া (৪০), পাভেল (৩৭), রবিন হোসেন (৩১), হাসিবুর রহমান জিহাদ (২৬), মাইনদ্দিন (২৫), শরিফ হোসেন (৩৭), রিফাত মিয়া (২৫), দুলাল মিয়া (৪০) ও দেলোয়ার হোসেন (৬২)।
পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে জব্দ তালিকার মাধ্যমে মাদকগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মিঠু মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং পাভেলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা চলমান রয়েছে। এ ছাড়া অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজিদুর রহমান বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।