
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
বুধবার এক শোকবার্তায় তিনি নিহত দুই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে তাদের পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করেন।
শোকবার্তায় রাজীব বলেন, যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর অকাল মৃত্যু দল ও এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সহকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
এতে যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানী নিহত হন। নিহত মাসুম বিল্লাহ যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
অন্যদিকে আব্দুল কাদির জিলানী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।