
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে আয়োজিত ফল উৎসবের মঞ্চ-প্যান্ডেলে দুই দফা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চের সামনে রাখা চেয়ার-টেবিল ভাঙচুর এবং প্যান্ডেল খুলে ফেলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদ করতে গিয়ে এনসিপির অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ও শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা এনসিপির উদ্যোগে কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফল উৎসবের আয়োজন করা হয়। শনিবার বিকেলে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানকে কেন্দ্র করে আগের দিন থেকেই মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছিল।
এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৮টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে এসে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুনরায় অনুষ্ঠানস্থল প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়।
তবে শনিবার বিকেল ৩টার দিকে পুনরায় মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলাকালে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা মঞ্চ ভাঙচুরের পাশাপাশি চেয়ার-টেবিল নষ্ট করে এবং প্যান্ডেল খুলে ফেলে। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান।
হামলায় রূপগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব ইউসুফ মোল্লা এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে যান রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় তিনি এনসিপি নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে কিছু নেতাকর্মী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেলে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। তাদের দাবি, পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে এবং নেতাকর্মীদের ওপর অতিরিক্ত হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানি না। অযথা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা আমাদের দলের কেউ নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মেহেদী ইসলাম বলেন, এনসিপির ফল উৎসবকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা নির্বিঘ্নে এনপিপির অনুষ্ঠান সম্পন্ন করতে পারছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।