1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি নেতা অখিলউদ্দিনের ওপর হামলার তীব্র নিন্দা যুবদল আহ্বায়কের, সাংগঠনিক ব্যবস্থার দাবি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বিএনপি নেতা অখিলউদ্দিনের ওপর হামলার তীব্র নিন্দা যুবদল আহ্বায়কের, সাংগঠনিক ব্যবস্থার দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা অখিলউদ্দিন ভূইয়ার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাদেকুর রহমান সাদেক বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে কতিপয় উশৃঙ্খল লোকজনের বিশৃঙ্খলা সৃষ্টি এবং একজন বর্ষীয়ান, ত্যাগী ও নির্যাতিত নেতা অখিলউদ্দিন ভূইয়াকে হেনস্তা ও লাঞ্ছিত করার ধৃষ্টতা দেখানো হয়েছে। আমি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত ও দুঃখ প্রকাশ করছি।

তিনি মনে করেন, এই হামলা কেবল অখিলউদ্দিন ভূইয়ার ওপর নয়, বরং এটি জেলা বিএনপির সাংগঠনিক শক্তি ও নিয়ম-শৃঙ্খলার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

একই সাথে তিনি এই ঘটনার সাথে জড়িত মূল অপরাধী ও নির্দেশদাতাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় কয়েকজনকে বহিষ্কারের খবর দেখছেন উল্লেখ করে জেলা যুবদলের আহ্বায়ক বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে এ ব্যাপারে কিছুই অবগত নই। দায়মুক্তির জন্য কয়েকজনকে তড়িঘড়ি বহিষ্কার করে এই ধরনের শিষ্টাচারবহির্ভূত অপরাধের সমাধান করা হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে আমি আশঙ্কা করছি।

তিনি আরও স্পষ্ট করেন যে, বহিষ্কৃত ব্যক্তিরা নারায়ণগঞ্জ জেলা কিংবা থানা যুবদলের কেউ নন এবং তিনি তাদের যুবদল নেতাকর্মী হিসেবে চেনেন না। কাউকে বহিষ্কারের বিষয়ে তিনি কোনো মৌখিক অনুমতিও প্রদান করেননি।

যুবদল আহ্বায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, কারো ব্যক্তিগত পেশীশক্তি প্রদর্শনে ব্যবহৃত লোকজনের অপরাধ ঢাকতে তাদেরকে ‘যুবদল নেতাকর্মী’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের কোনো অপরাধের দায় নারায়ণগঞ্জ জেলা যুবদল গ্রহণ করবে না।
যাদের কে বহিষ্কার করা হয়েছে তারা জেলা, থানা এমনকি যুবদলের কেউ না। তাদের কে চিনেন না বা জানেন না বলেও তিনি বিবৃতিতে সাফ জানিয়ে দেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপি এবং ফতুল্লা থানা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাদেকুর রহমান সাদেক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট