
যুগের নারায়ণগঞ্জ:
ফেসবুকে নিজের কোনো আইডি নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে তিনি এ কথা জানান। সম্প্রতি তার নাম সম্বলিত আইডি থেকে বিভিন্ন পোষ্ট সামনে আসায় তিনি বিষয়টি স্পষ্ট করেন।
এক বছরের বেশি কারাভোগের পর গত বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান সেলিনা হায়াৎ আইভী। কারামুক্তির পর ফেসবুকে ছড়িয়ে পড়ে তিনি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। প্রায় ১৩ ঘণ্টা আগে ‘Dr. salina hayat ivy’ নামে ওই আইডিটি মেটা ভেরিফায়েড হয়।
এ বিষয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল নেই। কে বা কারা আমার নামে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য প্রচার করছে, এসব পেজ থেকে যেসব বক্তব্য প্রচার হচ্ছে তা আমার কথা নয়।
তিনি আরও বলেন, ‘আমি কারাগার থেকে মুক্ত হওয়ার পর আমার নামে ফেসবুকে একটি পেজ ভ্যারিফাইড করা হয়েছে। কে বা কারা এটা করেছে সে বিষয়ে আমি অবগত নই। কোনো বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এসব কাজ করছে বলে আশঙ্কা করছি। তাই এ বিষয়ে সবাই সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে কয়েকটি মামলায় জামিন পাওয়ার পরও নতুন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান (মেয়র) নির্বাচিত হন। ২০১১ সালে পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। পরে ২০১৬ ও ২০২২ সালের নির্বাচনেও জয়ী হয়ে টানা তিন মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন।