
যুগের নারায়ণগঞ্জ:
সংগঠনের নাম ভাঙিয়ে বাস চালকদের কাছ থেকে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং ঢাকা-৩৮১০) এর সকল কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে বিভাগীয় শ্রমদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।
একই সঙ্গে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী স্বাক্ষরিত পৃথক চিঠি সংশ্লিষ্ট তিনটি দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত একটি সংগঠন। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি অসুস্থ থাকায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এই সুযোগে একটি কুচক্রী মহল সংগঠনের নাম ব্যবহার করে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া মেট্রো হল বাসস্ট্যান্ড ও চাষাড়া থেকে দূরপাল্লার বাস চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যাচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, সভাপতির অসুস্থতার কারণে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।
এ অবস্থায় সংগঠনের নাম ব্যবহার করে কোনো অশ্রমিক ব্যক্তি বা গোষ্ঠী চাঁদাবাজি ও শ্রমিক হয়রানিতে জড়িত হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।