
যুগের নারায়ণগঞ্জ:
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে পথসমাবেশ ও মিছিল করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট জেলা শাখা।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর ২নং রেলগেইট ও প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্ত্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, সিপিবি নেতা দুলাল সাহা, আব্দুল হাই শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আল মামুন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। এটি দেশের অর্থনীতি, কৃষি, শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে বলে তারা অভিযোগ করেন।
তাদের মতে, চুক্তির বিভিন্ন ধারার মাধ্যমে যুক্তরাষ্ট্রের একক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতে বাংলাদেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য, কৃষিপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হতে পারে এবং দেশীয় শিল্প ও কৃষি খাত কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে। ফলে বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তারা দাবি করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে এ ধরনের চুক্তি স্বাক্ষর গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থী।
এ সময় তারা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে চলমান সহিংসতা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিন্দা জানিয়ে এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানান।
সমাবেশ থেকে আগামী ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ ও জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।