
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁচপুর ব্রিজের পিলারের খাদে পড়ে থাকা একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, টহলরত দলটি প্রথমে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালায়।
ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম রয়েছে।
উদ্ধারকৃত এসব আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।