1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গনি হত্যাকাণ্ডের তিনদিন পেরিয়ে গেলেও মামলা দায়ের না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ, হতাশা ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

একটি নৃশংস, প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনায় বিচারপ্রক্রিয়া শুরুই না হওয়া—এ যেন আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অভিযোগ, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র ‘মামলা বাণিজ্যে’ জড়িয়ে পড়েছে। কে বাদী হবে, কীভাবে মামলা হবে, কাদের নাম আসবে—এসব নিয়ে চলছে নেপথ্যের দরকষাকষি।

ফলে একটি স্পর্শকাতর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরুতেই থমকে গেছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক।

ঘটনাটি ঘটে বুধবার (২০ মে) দিবাগত রাত একটার দিকে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায়।

নিহত ওসমান গনি (৪০) ছিলেন ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পরিকল্পিতভাবে ২০-২৫ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে আলাদা করে নিয়ে যায় এবং লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাত করে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়—এটি ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ।

হত্যার পরপরই এলাকাবাসীর ক্ষোভ রাস্তায় গড়িয়ে পড়ে। সড়ক অবরোধ, বিক্ষোভ, অগ্নিসংযোগ—সবই ছিল বিচার দাবির বহিঃপ্রকাশ। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো পর্যন্ত মামলা হয়নি।

নিহতের পরিবার মামলা করতে পারেনি বা করেনি—এমন অস্বাভাবিক পরিস্থিতি আরও প্রশ্নের জন্ম দিয়েছে।

এরই মধ্যে আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিনের বদলি ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

থানা পুলিশের এক কর্মকর্তার মন্তব্য পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে দেয়—“হত্যাকাণ্ড নিয়ে বাণিজ্য করছে কারা, আর বদলি হতে হচ্ছে ওসিকে—এভাবে পুলিশ ভালো কাজ করতে সাহস পায় না।” এই বক্তব্যই প্রমাণ করে, কেবল অপরাধীই নয়, গোটা বিচারব্যবস্থাই যেন এক অদৃশ্য চাপের মধ্যে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র এই হত্যাকাণ্ডকে পুঁজি করে আর্থিক সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। এটি শুধু অনৈতিক নয়, বরং একটি নির্মম হত্যাকে কেন্দ্র করে জঘন্য বাণিজ্য। এতে একদিকে যেমন ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে, অন্যদিকে নিহতের পরিবারকে ঠেলে দেওয়া হচ্ছে অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে।

প্রশ্ন এখন একটাই—কেন এখনো মামলা হয়নি ? কার স্বার্থে এই বিলম্ব ? কারা আড়াল করছে প্রকৃত অপরাধীদের ?

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত চলছে। কিন্তু মামলা ছাড়া তদন্ত কতটা কার্যকর—সে প্রশ্ন থেকেই যায়। বিচারপ্রক্রিয়ার প্রথম ধাপই যদি অচল হয়ে পড়ে, তাহলে ন্যায়বিচারের আশা কতটা বাস্তব ?

বিশ্লেষকদের মতে, যদি সত্যিই ‘মামলা বাণিজ্য’ হয়ে থাকে, তবে তা শুধু এই একটি হত্যাকাণ্ডের বিচারকেই বাধাগ্রস্ত করবে না, বরং সামগ্রিকভাবে আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস করবে। অপরাধীরা পাবে উৎসাহ, আর সাধারণ মানুষ হারাবে নিরাপত্তার অনুভূতি।

আড়াইহাজারের মানুষ এখন উত্তরের অপেক্ষায়। তারা জানতে চায়—এই হত্যার বিচার কি আদৌ হবে, নাকি সবকিছু চাপা পড়ে যাবে প্রভাবশালীদের দাপটে ?

নিহতের পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে মামলা গ্রহণ করতে হবে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং এই ‘মামলা বাণিজ্য’ নামে ঘৃণ্য প্রক্রিয়ার সঙ্গে জড়িতদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

কারণ, বিচারহীনতা শুধু একটি ঘটনার সমাপ্তি নয়—এটি আরও বড় অপরাধের সূচনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট