
যুগের নারায়ণগঞ্জ:
কাশীপুরের ভোলাইল গেউদার বাজার এলাকায় রাস্তার ড্রেন নির্মাণ কাজে ঠিকাদারদের চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে । গত কয়েক দিন আগে নরসিংপুর স্কুল থেকে বকুলতলা পর্যন্ত কাজ শেষ করে বর্তমানে গেউদার বাজার এলাকায় কাজ চলমান রয়েছে । গেদ্দার বাজারের তিন রাস্তার মোড়ে ড্রেন কাটার কারণে মোল্লা বাড়ি ও কাউয়া পাড়া রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে । শুধু তাই নয় , শান্তিনগর ও আলী পাড়া হয়ে গেদ্দার বাজারের সংযোগ সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে , ফলে পুরো এলাকাই কার্যত অচল হয়ে পড়েছে । সব চেয়ে বড় সমস্যা হলো ভেকু দিয়ে ড্রেনের ময়লা তুলে রাস্তায় ফেলে রাখা হচ্ছে। এতে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে । অথচ এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক , স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। বর্তমানে চলমান এস এস সি ও দাখিল পরীক্ষার অধিকাংশ পরীক্ষার্থী এই রাস্তা ব্যবহার করে চলে। ফলে তাদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে গেছে এবং সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়েও তারা উদ্বিগ্ন । গত কয়েক দিন দিন ধরে রাস্তায় ড্রেনের ময়লা পড়ে থাকায় রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে গেছে । এতে নারী , শিশু ও বয়স্কসহ অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছেন । বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে । সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না । বরং বেপরোয়া ভাবে রাস্তায় ময়লা ফেলে রেখে জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে । এমতাবস্থায় এলাকাবাসীর জোর দাবি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করে মানুষের কষ্ট লাঘব করা হোক । অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে নিজেদের নাগরিক অধিকার আদায়ে করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।