
যুগের নারায়ণগঞ্জ:
আগামি ১-মে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনের একটি অনুষ্টানকে ঘিরে ব্যাপক চাঁদাবাজিতে মেতে উঠেছে একটি প্রতারক চক্র। এমনকি ঐ প্রতারক চক্রটি নিজেদেরকে এনসিপি নেতা পরিচয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে জালাল আর হুমায়ুন নামের বাপ ছেলের বিরুদ্ধে। এছাড়াও, এই বাপ ছেলে মিলে এমপি আল আমিনের নাম ভাঙ্গিয়ে ফতুল্লার বিসিক ৮-তলা ভবনের সামনের সড়কের পাশে সরকারী জমি দখল করার চেষ্টাসহ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা। বাপ-ছেলের এমন অপকর্মের কারনে একদিকে যেমন সাংসদ আল আমিনের বদনাম হচ্ছে সে সাথে তাদের মাদকের ছোবলে ধ্বংসের পথে ধাবিতে হচ্ছে যুব সমাজ।
সূত্রমতে, ময়মনসিংহ ভালুকা থানাধীন এলাকায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন জালাল ও তার ছেলে হুমায়ুন। আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন এই বাপ ছেলে। ৫-ই আগষ্টের পরবর্তী সময়ে হাসিনা সরকারের পতনের পর পরই এলাকা থেকে পালিয়ে এসে ফতুল্লার বিসিক এলাকায় বসবাস শুরু করেন তারা। ত্রয়োদশ নির্বাচন অনুষ্টিত হওয়ার পর নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি আল আমিন বিজয় লাভ করার পর থেকেই বাটপার জালাল ও তার ছেলে হুমায়ুন বিসিক নতুন রাস্তা ৮-তলা ভবনের সামনে এনসিপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে। আর বাপ ছেলের এমন কর্মকান্ডে ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে এমপি আল আমিনসহ তার দলের।
এ ব্যাপারে এমপি আল আমিনের মুখপাত্র আলিফ দেওয়ান বলেন, আমরা কোন চাঁদাবাজকে আ্শ্রয় প্রশ্রয় কখনো দেইনি। যেহেতু, একটি প্রতারকচক্র এনসিপির নাম ভাঙ্গিয়ে প্রতারনা করে যাচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।