
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় এসব ঘটনা ঘটে। ডাকাত দল দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল বড়মনোহরদী গ্রামের ব্যবসায়ী আনারুল হকের বাড়িতে কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে গৃহকর্তার ছেলে আনিছুর ও আইয়ুবুরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে একই রাত দেড়টার দিকে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ডাক্তারবাড়ী এলাকায় বাদল মোল্লার বাড়িতে ডাকাত দল প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাদল মোল্লা ও তার ভাড়াটিয়া শরিফুলের চারতলা ভবনের বাসা থেকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।