1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আগামীর বাংলাদেশকে গড়তে এই প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে-এমপি কালাম - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

আগামীর বাংলাদেশকে গড়তে এই প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে-এমপি কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে। তিনি বলেন, “আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে এই প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে। শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে হবে।”

তিনি তার স্কুল জীবনের স্মৃতিচারণ করে বলেন, আগে স্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে কিছুটা পিছিয়ে পড়ছে এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ছে, যা অনেক সময় তাদের বিপথগামী করছে। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, “আমাদের বর্তমান প্রজন্ম মব সংস্কৃতিতে জড়িয়ে পড়ছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন, বর্তমান সময়ে তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। এ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষক, অভিভাবক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, প্রশাসন মাদক ও মবের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, বিদ্যানিকেতন ট্রাস্টের সহ-সভাপতি আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, জাকির হোসেন, হোসেন ব্যাপারী, মনির হোসেন খান, ফয়সাল আজিজ তুষার, মাহবুবর রহমান এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

এ বছর বিদ্যানিকেতন হাই স্কুল থেকে মোট ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট