
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ভোরে পরিচালিত এ অভিযানে মোট ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোঃ মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল রাত ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত মসজিদ খানপুর মেইন রোড ও কিল্লারপুল এলাকায় অভিযান চালায়।
এসময় জাহিদ হাসান লেলিন (৩৭) ও মোঃ জিয়াউর রহমান রাইয়ান (৪০)-কে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি তাজা গুলি, ছুরি, গুলির খোসা, শুটার গানের বিভিন্ন যন্ত্রাংশ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত জাহিদ হাসান লেলিন স্থানীয়ভাবে প্রভাবশালী একটি চক্রের সদস্য এবং আলোচিত রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানা গেছে। তার গ্রেফতার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অপরদিকে, একই রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ ঘাট এলাকায় পৃথক আরেকটি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, দা ও হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—অন্তু (২৩), সিয়াম (২১), আপন (২৩) ও মিজানুর রহমান ওরফে শাওন (৪১)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।