
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় রিপন (৩৮) নামের এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোর সকাল ৬টার দিকে ফতুল্লা মডেল থানার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিপন জানান, গত ২৩ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ১১টার দিকে তিনি এবং তার বড় ভাইয়ের বন্ধু জামান রাস্তা দিয়ে যাওয়ার সময় হৃদয়সহ ৫-৭ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় তারা ধারালো চাকুর ভয় দেখিয়ে মারধর করে তাদের সঙ্গে থাকা দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ৯৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রিপনের সঙ্গে থাকা তার বড় ভাইয়ের বন্ধু জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করলে সন্ত্রাসী চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেন রিপন।
তিনি আরও জানান, সোমবার ভোরে তিনি পায়ে হেঁটে রামারবাগস্থ মেট্রো গার্মেন্টসের সামনে দিয়ে যাওয়ার সময় লালখা শিয়াচর এলাকার মাস্টারের ছেলে হৃদয় এবং রামারবাগ এলাকার বল্লা ইমন তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্রের মুখে তাকে মেট্রো গার্মেন্টসের পেছনের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার বাম হাত ও পা ভেঙে ফেলে। তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।