
যুগের নারায়ণগঞ্জ:
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে না পাওয়ায় এই আদেশ আসে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। তিনি আদালতকে জানান, আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অগ্রগতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও তাদের পাওয়া যায়নি। এ অবস্থায় ১২ জনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হয়। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান। বাকি ১০ আসামির নাম এখনো প্রকাশ করেনি প্রসিকিউশন। এর আগে গত ১৯ জানুয়ারি এই ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-১ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। ছাত্র-জনতার আন্দোলনের সময় অভিযুক্তরা অস্ত্রধারী ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার ভিত্তিতে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।