
যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি সরকার গঠনের দুই সপ্তাহ পূর্তি উপলক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
বুধবার (৪ মার্চ) তার ফেসবুক পেজে এক পোস্টে তিনি আড়াইহাজারবাসী, দেশের ছাত্র-জনতা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক, নির্বাচন কমিশন এবং সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুষ্ঠু নির্বাচন ও সরকার গঠনে সহযোগিতার জন্য।
তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনুস ও তাঁর উপদেষ্টাদেরও ধন্যবাদ জানান। বলেন, তারা নীতিতে অটল থেকে দায়িত্ব পালন করেছেন এবং গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। আড়াইহাজারকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান।