
যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় একটি সরকারি হাসপাতালের নার্সের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মদনগঞ্জ-মদনপুর সড়কের নোয়াদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রিটা হালদার (৪৭)। তিনি ঢাকা নবাবগঞ্জ উপজেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বরিশাল জেলার আগৈলঝরা থানার কঠিরা গ্রামের মৃত সাইমন বিমল হালদারের মেয়ে।
নিহতের স্বামী খোকন বাড়ৈ বলেন, তিনি একটি এনজিওর ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত এবং বন্দরের নবীগঞ্জ এলাকায় হাবিব মিয়ার বাড়িতে বসবাস করেন। শনিবার বিকালে তিনি স্ত্রীকে গুলিস্তানে বাসে তুলে দেওয়ার জন্য রওনা হলে তার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, মদনপুর-মদনগঞ্জ সড়কের অবস্থা একেবারেই নাজুক। এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সকালে দেখলাম ট্রাকের আগে মোটরসাইকেলটি আসছে। হঠাৎ মোটরসাইকেল থেকে একজন নারী ছিটকে রাস্তায় পড়ে যান। পেছন থেকে আসা ট্রাক ওই নারীকে চাপা দেয়।
বন্দর থানার ওসি গোলাম আশরাফ বলেন, নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় সরকারি হাসপাতালের এক নার্সের মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।