1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে মুক্তিপণের জন্য ব্যবসায়ী অপহরণ, দুইজন গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে মুক্তিপণের জন্য ব্যবসায়ী অপহরণ, দুইজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. জামাল হোসেন (৩৯) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় মো. আনু মিয়া (৩৬) ও তুষার মিয়া (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ৯টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আনু মিয়া, মিজমিজি আব্দুল আলী পুল খালপাড় সংলগ্ন এলাকার বাসিন্দা এবং তুষার মিয়া একই এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী জামাল হোসেন একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় পলাতক রয়েছেন মাহিন, জসিম উদ্দিন, ইব্রাহিমসহ অজ্ঞাত আরও কয়েকজন।

মামলার অভিযোগে জানা যায়, গত ১২ জুন সন্ধ্যায় জামাল হোসেনের মোবাইলে অজ্ঞাত একটি নম্বর (০১৯৮১-৯৯৪১১৩) থেকে ফোন আসে। ব্যবসা সংক্রান্ত আলোচনার কথা বলে তাকে চিটাগাং রোড এলাকায় দেখা করতে বলা হয়। সেখানে অভিযুক্ত তুষার মিয়ার সঙ্গে সাক্ষাতের পর জামালকে কৌশলে কাশশাফ মার্কেট হয়ে প্রাইভেটকারে তুলে অপহরণ করা হয়। পরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। না দিলে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়।

অপহরণকারীদের চাপে জামাল হোসেন বিকাশের মাধ্যমে ৪৯,৯৯০ টাকা পাঠান এবং তার মানিব্যাগ থেকে আরো ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। বাকি ৪ লাখ ৫০ হাজার টাকা দ্রুত পরিশোধের শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

১৬ জুন অভিযুক্তরা ফের জামালের কাছে টাকার জন্য চাপ দিতে থাকলে তিনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ কৌশলে জামালকে টোপ হিসেবে ব্যবহার করে পুল এলাকায় অভিযুক্তদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয় এবং ওই সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাতকদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট