1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলো নারায়ণগঞ্জ পুলিশ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলো নারায়ণগঞ্জ পুলিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পেশাদারিত্বের মূল্যায়ন ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশকে আরও গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ও ড্রিল শেডে পর্যায়ক্রমে এই কর্মসূচিগুলো সম্পন্ন হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

দিনের শুরুতে সকাল ৮টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন শেষে সকাল ১০টায় ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা শুরু হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় গত মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ বজলুর রহমান জেলার শ্রেষ্ঠ এসআই এবং ফতুল্লা থানার এএসআই আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন। মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ আতাউর রহমান ও এসআই মোঃ রফিক (বিপিএম) এবং অস্ত্র উদ্ধারে আড়াইহাজার থানার এসআই মোহাম্মদ আনোয়ার পারভেজ ভূঁইয়া ও এসআই আপন কুমার মজুমদারকে পুরস্কৃত করা হয়।
ছবি

এছাড়া ক্লু-লেস মামলা উদ্ঘাটনে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই এমএম আব্দুল আজিজ ও এসআই শরিফুল হাসান এবং রূপগঞ্জ থানার এসআই মোঃ নাজিম উদ্দিনকে স্বীকৃতি দেওয়া হয়। বিশেষ অভিযানে সাফল্য দেখানোয় ট্রাফিক শাখার টিআই হারুন অর রশিদ, সার্জেন্ট সালমান ও সার্জেন্ট সিয়াম এবং ৭৪টি হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দেওয়ায় আইসিটি শাখার এসআই কাজী আফজাল শাহীন ও তার দলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পরবর্তীতে দুপুর ১২টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী গত ফেব্রুয়ারি মাসের মামলার অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। সভায় মামলা দ্রুত নিষ্পত্তি এবং জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ তাগিদ দেন পুলিশ সুপার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট